দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের অর্ন্তগত মোহনপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২৫ ফেব্রুয়ারী-২০২৫ মঙ্গলবার মোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবাগত ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীণবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, অভিভাবক সদস্য সাদেকুর রহমান, ফরহাদ হোসেন, শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক শামসুল আলম, সাইদুল খান, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, স্থানীয় বিএনপি নেতা আনিসুর রহমান, ইরশাদুল হক, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধূরী বলেন, নতুন স্বপ্ন নিয়ে আলোর সাথী হয়ে তোমরা এসেছো এই ঐতিহ্যবাহী বিদ্যানিকেতনের সবুজ চত্বরে। তোমাদের পদচারণায় আজ এ অঙ্গন মুখরিত। এখান থেকে শুরু হবে তোমাদের নবযাত্রা। তোমাদের সামনে এখন অনন্ত জ্ঞানের আলোর জগৎ। তোমরা এই আলোর জগতের অভিসারী। আলোকিত মানুষ হবার পথে যাত্রা তোমাদের সফল হোক এটাই আমাদের কামনা। তোমাদের স্কুল জীবনে তোমাদের বাবা-মা, শিক্ষক সকলেই তোমাদের ওপর স্নেহদৃষ্টি ও শাসনদৃষ্টি রাখতেন। তোমাদের চলার পথে তারা ছিলেন অতন্দ্র প্রহরী। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক।