আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৯ জেলে অবশেষে টেকনাফে ফিরেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) প্রচেষ্টায় মিয়ানমার থেকে তারা দেশে ফিরেছেন। তাদের মধ্যে ১৫ জন বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে রয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা দিকে তারা টেকনাফে ফিরে এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
বিজিবি জানায়, গত ১১ এবং ২০ ফেব্রুয়ারি টেকনাফের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ২৯ বাংলাদেশি ও এফডিএমএন (রোহিঙ্গা) জেলে ৬টি ইঞ্জিন চালিত নৌকায় মাছ ধরার জন্য নাফনদী ও বঙ্গোপসাগরে গিয়েছিল। মাছ ধরতে গিয়ে তারা ভুলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। এরপর পরই আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।
পরে আটক বাংলাদেশি জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে আরাকান আর্মির সঙ্গে কার্যকরী যোগাযোগ স্থাপন করে বিজিবি। দীর্ঘদিনের মধ্যস্থতায় টেকনাফ ব্যাটালিয়নের মাধ্যমে ২৯ জেলেকে ফিরিয়ে আনা হয়।