সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেয়া হয়েছে । আজ বুধবার দুপুর পৌনে ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর ।
ইতিপূর্বে এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয় । সেখানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও দলীয় নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান । সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ, বাদ জোহর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে ।
এদিকে, মঙ্গলবার রাত থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ । পরে বুধবার সকাল নাগাদ এই জানাজাস্থল যেন জনসমুদ্রে পরিণত হয়েছে । এখানে বাদ জোহর দুপুর ২টায় জানাজা শেষে বিকেলে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হবে ।